ভুয়া চিকিৎসককে আটক করেছে লালপুরের শিক্ষার্থীরা ।
নাটোরের লালপুর উপজেলায় আরিফুর রহমান (৪২) নামে এক ভুয়া চক্ষুচিকিৎসককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে শিক্ষার্থীরা। আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার লালপুর বালিকা উচ্চবিদ্যালয় বিপণিবিতানের একটি চশমাঘর থেকে তাঁকে আটক করা হয়। আরিফুর রহমান কুষ্টিয়া জেলা সদরের হরিপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থী বৃহস্পতিবার রাত আটটার দিকে লালপুর বালিকা উচ্চবিদ্যালয় এলাকার বর্ণালি চশমাঘর থেকে একজন ভুয়া চিকিৎসককে আটক করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় আরিফুর রহমান নিজেকে চক্ষুচিকিৎসক হিসেবে পরিচয় দেন, কিন্তু তিনি এর সমর্থনে কোনো প্রমাণ দেখাতে পারেননি।
স্থানীয় লোকজনের মতে, আটক ব্যক্তি নিজেকে সিরাজগঞ্জ চক্ষু হাসপাতালের চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন এবং দীর্ঘদিন ধরে চিকিৎসকের ফি নিয়ে রোগী দেখছিলেন।
পরে লালপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান আটক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন। আজ শুক্রবার সকালে লালপুর থানা-পুলিশ তাকে কারাগারে পাঠায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
.jpg)
0 Comments